দুই দিন দরপতনের পর আবারও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই (WTI) ক্রুড অয়েলের দামও বেড়ে প্রায় ৯৬ ডলারে পৌঁছেছে।
এর আগে বুধবার (৬ মে) ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলেন, তেহরান প্রস্তাবিত চুক্তি মেনে নিলে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখা হতে পারে। ওই বক্তব্যের পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে।
সেসময় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ ডলারে নেমে আসে। পাশাপাশি ডব্লিউটিআই ক্রুডের দামও প্রায় ১২ শতাংশ কমে ৮৯ ডলারে পৌঁছায়।
তবে পরে ইরান চুক্তিতে সম্মত না হলে আরও কঠোর সামরিক হামলার হুমকি দেন ট্রাম্প। এর পর থেকেই বাজারে নতুন করে অস্থিরতা দেখা দেয় এবং আবারও তেলের দাম ঊর্ধ্বমুখী হয়ে ১০০ ডলারের ওপরে উঠে যায়।