দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর সদস্যদের ধীরে ধীরে প্রত্যাহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ফিরে এসেছে। ফলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মাঠে রাখার প্রয়োজন হবে না। এ কারণে পর্যায়ক্রমে তাদের দায়িত্ব কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, পুলিশ, সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বয় করে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া ও পরিকল্পনা নির্ধারণ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, জুয়া ও অস্ত্র অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই দাগী অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং যৌথ ও একক উভয় ধরনের অভিযান চলছে।
তিনি দাবি করেন, সরকারের চলমান অভিযানের ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। একই সঙ্গে তিনি জানান, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো শিথিলতা নেই এবং আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য।