স্ক্রিম ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় অভিনেত্রী মেলিসা বারেরা ২০২৩ সালে গাজায় ইসরায়েলি হামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যের পর তার ক্যারিয়ারে বড় ধাক্কা লাগে।
তিনি তার ইনস্টাগ্রামে গাজায় বেসামরিক মানুষের মৃত্যু এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনের জন্য তহবিল সংগ্রহ সম্পর্কিত তথ্য শেয়ার করেছিলেন।
পরে জানা যায়, এসব পোস্টের পর প্রযোজনা প্রতিষ্ঠান স্পাইগ্লাস মিডিয়া গ্রুপের পক্ষ থেকে ‘স্ক্রিম ৭’ থেকে তাকে বাদ দেওয়া হয়। একইসঙ্গে তার ট্যালেন্ট এজেন্সি ডব্লিউএমই-ও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
সম্প্রতি মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি নিজের কাজ হারানোর অভিজ্ঞতা এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরেন।
তিনি বলেন, কাজ হারানোর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। হলিউডে তিনি সহজ টার্গেট ছিলেন, কারণ তিনি বড় তারকা হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন না এবং একই সঙ্গে নারী ও লাতিন আমেরিকান বংশোদ্ভূত।
বারেরা আরও বলেন, এই কঠিন সময়ে নির্মাতা বুটস রাইলির একটি প্রস্তাব তার ক্যারিয়ারে নতুন সুযোগ তৈরি করে দেয়। বর্তমানে তিনি ব্রডওয়ের মিউজিক্যাল ‘টাইটানিক’-এ অভিনয় করছেন, যেখানে তাকে রোজ চরিত্রের ব্যঙ্গাত্মক সংস্করণে দেখা যাবে।
ভবিষ্যতে তিনি নিজের প্রযোজনা সংস্থা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন এবং একইসঙ্গে ফিলিস্তিন ইস্যুতে সরব থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন।