জ্বালানি সংকটের পেছনে তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিকে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জ্বালানি সচিবের নির্দেশনা অনেক ক্ষেত্রে যথাযথভাবে বাস্তবায়িত হয়নি।
শনিবার (২ মে) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও দাবি করেন, পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইনের পেছনে কৃত্রিম কারণ ছিল, যেখানে রাজনৈতিক উদ্দেশ্যের বিষয়ও থাকতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট কিছু পক্ষের অবহেলার কারণেও পরিস্থিতি তৈরি হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, দায়িত্ব নেওয়ার ৭৫ দিন পার হয়েছে এবং বর্তমানে তিনি মূলত বিদ্যুৎ ও জ্বালানি খাতেই মনোযোগ দিচ্ছেন। খনিজ সম্পদ বিভাগে এবারই প্রথম কাজ করার সুযোগ পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
গবেষণায় বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, মেগা বাজেট থাকলেও গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ না থাকায় দেশকে দীর্ঘমেয়াদে নির্ভরশীল থাকতে হচ্ছে।