আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ ও স্বস্তিদায়ক করতে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ওই দিনই ২৩ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। পরবর্তী সময়ে ১৪ মে পাওয়া যাবে ২৪ মে’র, ১৫ মে পাওয়া যাবে ২৫ মে’র, ১৬ মে পাওয়া যাবে ২৬ মে’র এবং ১৭ মে পাওয়া যাবে ২৭ মে যাত্রার টিকিট।
এবারের ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হবে। সব টিকিটই অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, একজন যাত্রী ঈদে অগ্রিম ও ফেরত যাত্রার জন্য সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।
এছাড়া রেলওয়ে জানিয়েছে, ঈদের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট কোনোভাবেই রিফান্ড করা যাবে না।