ফিলিপাইনের মায়োন আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনায় স্থানীয় জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। মঙ্গলবার (৫ মে) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রায় এক ঘণ্টা ধরে চলা বিস্ফোরণে প্রচুর ছাই, পাথর ও কাচের কণা বাতাসে ছড়িয়ে পড়ে এবং পরে তা আশপাশের জনবসতিতে জমা হয়। এতে অনেক এলাকায় বাড়িঘরের ছাদ, সড়ক ও যানবাহন প্রায় তিন ইঞ্চি পর্যন্ত ছাইয়ে ঢেকে যায়। অগ্ন্যুৎপাত থেমে যাওয়ার পর স্থানীয় বাসিন্দা ও সরকারি সংস্থাগুলো যৌথভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করে।
দেশটির সিভিল ডিফেন্স অফিস (ওসিডি) জানিয়েছে, শনিবার (২ মে) থেকে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৪৩৮টি পরিবার বর্তমানে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। এছাড়া আরও ২৬টি পরিবারকে নিজ এলাকায় রেখে সহায়তা দেওয়া হচ্ছে।
ওসিডি আরও জানায়, আগ্নেয়গিরির চারপাশের ছয় কিলোমিটার এলাকা এখনো ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত রয়েছে। মোট ৮৭টি গ্রাম এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাই ও গরম পাথরের কারণে একটি শহর ও দুটি ছোট শহর পুরোপুরি ছাইয়ের স্তরে ঢেকে গেছে। এতে প্রায় এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষ সরাসরি ক্ষতির মুখে পড়েছে।