শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন হুঁশিয়ারি দিয়েছেন, শিক্ষাখাতে কোনো ধরনের দুর্নীতি হবে না এবং তা সহ্য করা হবে না। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিগত সরকারের আমলে ল্যাব স্থাপনের নামে যে অনিয়ম হয়েছে, তা তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে।
মন্ত্রী আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থার মাধ্যমে শিক্ষক বদলির কার্যক্রম পরিচালিত হবে। এবার থেকে বদলি বাণিজ্য বন্ধ করা হবে। শিক্ষাকে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ হিসেবে দেখা হবে। আর শিক্ষার্থীর মূল্যায়ন হবে সার্টিফিকেট নয়, সক্ষমতার ভিত্তিতে।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, হাফেজ কারী ও আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে। এছাড়া ইংরেজি মাধ্যমের স্কুলগুলোও মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনা হবে।
অপরদিকে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষাকে কেন্দ্র করে কোনো রাজনীতি হবে না। শিক্ষা হবে রাষ্ট্র গড়ার মূল হাতিয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমান যে দক্ষ, ন্যায়ভিত্তিক ও প্রযুক্তিসক্ষম বাংলাদেশ কল্পনা করেন, সেটি বাস্তবায়নের সবচেয়ে শক্তিশালী উপায় হলো শিক্ষা।
তিনি আরও যোগ করে বলেন, আমাদের দায়িত্ব সেই ভিশনকে বাস্তবতার সঙ্গে মেলানো — বাজেট, শ্রেণিকক্ষ, পরীক্ষা ও কর্মসংস্থানে।