হলিউডের জনপ্রিয় খলনায়ক টম নুনান পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। টম নুনান ছিলেন এমন একজন অভিনেতা যিনি চুপচাপ স্বভাবের কিন্তু তার অভিনয় ছিল শক্তিশালী। যার মাধ্যমে তিনি দর্শকদের মনে গভীর ভাবে জায়গা করে নিয়েছিলেন। দীর্ঘদেহী গড়ন এবং রহস্যময় অভিনয়ের মাধ্যমে পর্দায় এক বিশেষ আতঙ্ক ও মুগ্ধতা তৈরি করেছিলেন এই অভিনেতা। তিনি আর আমাদের মাঝে নেই।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) ৭৪ বছর বয়সে তিনি তার জীবনের শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী অভিনেত্রী কারেন সিলাস এবং ‘দ্য মনস্টার স্কোয়াডছবির পরিচালক ফ্রেড ডেকার। ঠিক কি কারনে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।
সিলাস সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়স্পর্শী বার্তায় লেখেন, ‘অভিনেতা হিসেবে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত তাকে বন্ধু হিসেবে পাওয়া ছিল এক বিশাল সৌভাগ্য এবং আনন্দের বিষয়।’
প্রসঙ্গগত, টম নুনান আশির দশকের মাঝামাঝি সময়ে ‘ম্যানহান্টার’ ছবিতে সিরিয়াল কিলার ফ্রান্সিস ডলারহাইড চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান। এরপর তার টমাস হ্যারিসের উপন্যাস ‘রেড ড্রাগন’ এর ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে তার অভিনয় আজও শরীর শীতল করা সেরাদের তালিকায় স্থান পায়। তিনি শুধু অভিনেতা হিসেবে নয় তিনি একজন নাট্যকার ও পরিচালক হিসেবেও পরিচিত ছিলেন।