সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রতিশ্রুতি দেন।
অনিরুদ্ধ দাস জানান, বর্তমানে শুধুমাত্র মেডিকেল ভিসা ও ডাবল এন্ট্রি ভিসা কার্যক্রম চালু রয়েছে। তবে পর্যটনসহ অন্যান্য ভিসা বর্তমানে বন্ধ রয়েছে এবং সেগুলো পুনরায় চালু করার জন্য ইতোমধ্যেই কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছে। দুই দেশের সাধারণ মানুষই হবে এই স্থিতিশীল, ইতিবাচক ও দীর্ঘমেয়াদি সম্পর্কের মূল ভিত্তি। আমাদের চিন্তাভাবনা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক সংযোগ অতীতকাল থেকেই এক সুতোয় বাঁধা।