যুক্তরাষ্ট্রে বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫১ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়। খবরটি সর্বপ্রথম জানিয়েছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত জন এফ ডেনিলোভিচ, যিনি গত বুধবার ভেরিফায়েড এক্স পেজে জানিয়েছেন, মঙ্গলবারই উইলিয়াম বি মাইলাম প্রয়াত হয়েছেন।
ঢাকার দূতাবাসের পোস্টে বলা হয়েছে, ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত রাষ্ট্রদূত হিসেবে তাঁর নিষ্ঠাবান নেতৃত্ব ও সেবার মাধ্যমে যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল। ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যার পর হাজারো মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ‘অপারেশন সি অ্যাঞ্জেল’ কার্যক্রমে উইলিয়াম বি মাইলামের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব শেষ হওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক মজবুত রাখতে কাজ করে গেছেন। ঢাকায় নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, “আমি ব্যক্তিগতভাবে মিলামের আন্তরিক প্রচেষ্টার সাক্ষী। তাঁর পরিবার, প্রিয়জন এবং যাঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল, তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”
উইলিয়াম বি মাইলাম যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রৈমাসিক সাময়িকী ‘সাউথ এশিয়া পার্সপেকটিভস’-এর সম্পাদক ছিলেন। এছাড়া তিনি মানবাধিকার সংগঠন ‘রাইট টু ফ্রিডম’-এর প্রেসিডেন্ট এবং ওয়াশিংটন ডিসিতে অবস্থিত চিন্তনপ্রতিষ্ঠান উইলসন সেন্টারের সিনিয়র স্কলার হিসেবেও কাজ করেছেন।