দেশে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড পাইলট প্রজেক্ট হিসেবে চালু হতে যাচ্ছে ঈদের আগে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের প্রস্তাবনা উল্লেখ থাকায় এবার তা বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজকের বৈঠকে আমরা নির্ধারণ করেছি যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং এর কাঠামো কী হবে, তা চূড়ান্ত করেছি।
কতটি পরিবারকে এটি দেওয়া হবে, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এটি সার্বজনীন উদ্যোগ। তবে প্রথম ধাপে শুরু হবে সবচেয়ে হতদরিদ্র পরিবারের জন্য। এরপর ধনী ও মধ্যবিত্ত পর্যায়ে এটি সম্প্রসারিত হবে। প্রয়োগের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী চান অন্তত পাইলট প্রজেক্টটি ঈদের আগে চালু করতে। এই রমজানেই আমরা কাজটি শুরু করব। কার্যক্রমটি কীভাবে কার্যকর হবে, সেই বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।