মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়ে দীর্ঘ ২৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে নিহত শিশু হুজাইফা আফনানের (১২) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (৮ ফেব্রুয়ারি) জানাজা শেষে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার আগে হুজাইফার মরদেহ একনজর দেখার জন্য সকাল থেকেই এলাকায় শোকাহত মানুষের ভিড় জমে।
জানাজায় এলাকার শত শত মানুষের পাশাপাশি উখিয়া-টেকনাফ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ আনোয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছা ব্রিজ এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা আফনান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে সে মৃত্যুর কাছে হার মানে।
হুজাইফা আফনান লম্বাবিল গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে এবং লম্বাবিল হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।