রাজশাহী মহানগরের মতিহার থানাধীন তালাইমারী ফুলতলা নদীর ধার পর্যটন কেন্দ্র এলাকাকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিডি ক্লিন রাজশাহীর উদ্যোগে এক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধন শেষে তিনি বিডি ক্লিন রাজশাহীর সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা ও নগরীর সৌন্দর্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আরও পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা শুধু সিটি কর্পোরেশনের নয়, প্রতিটি নাগরিকেরও দায়িত্ব। রাজশাহীকে পরিচ্ছন্ন, বাসযোগ্য, সুন্দর ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের উপদেষ্টা ও আল-আকসার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিডি ক্লিন রাজশাহীর বিভাগীয় সমন্বয়ক মো. শাহাদাৎ হোসেন, জেলা সমন্বয়ক মাহফুজ আহমেদ, বিডি ক্লিন রাজশাহীর স্বেচ্ছাসেবকবৃন্দ, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা পর্যটন কেন্দ্রের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ করেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।