আজ কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন। ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জন্মগ্রহণ করেন পাঁচবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও একুশে পদকজয়ী এই প্রখ্যাত শিল্পী।
বিশেষ এই দিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহশিল্পীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। জন্মদিন উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রচারের আয়োজন করেছে চ্যানেল আই।
বিশেষ আয়োজনের অংশ হিসেবে সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হয়েছে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ১২টি কালজয়ী গান নিয়ে অনুষ্ঠান ‘গান আছে এখানে’। শাইখ সিরাজের পরিকল্পনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন লুইপা। এতে নতুনভাবে গানগুলো পরিবেশন করেছেন ইমরান, সাব্বির, অপু আনাম ও আতিক।
দুপুর ১২টা ৫ মিনিটে প্রচারিত হয়েছে সানজিদা রহমানের উপস্থাপনায় ‘বিশেষ তারকা কথন’। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সৈয়দ আব্দুল হাদী। তাঁর সঙ্গে অংশ নিয়েছেন গীতিকার রফিকুজ্জমান, শিল্পী মো. খুরশীদ আলম এবং আবিদা সুলতানা। আড্ডা ও স্মৃতিচারণে উঠে এসেছে তাঁর দীর্ঘ সংগীতজীবনের নানা জানা-অজানা গল্প।
এছাড়া বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে শাইখ সিরাজ নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে…’। এতে শিল্পী তুলে ধরবেন তাঁর শৈশব, সংগীতজীবনের শুরুর গল্প এবং নতুন প্রজন্মের শিল্পীদের প্রতি তাঁর প্রত্যাশার কথা।
১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জন্ম নেওয়া সৈয়দ আব্দুল হাদীর বাবা ছিলেন ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা এবং সংগীতপ্রেমী মানুষ। বাবার গ্রামোফোনে গান শুনেই ছোটবেলা থেকে সংগীতের প্রতি আকৃষ্ট হন তিনি। কোনো প্রাতিষ্ঠানিক তালিম ছাড়াই গান গাইতে গাইতেই নিজেকে গড়ে তোলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন সৈয়দ আব্দুল হাদী। পরে ১৯৬৪ সালে ‘ডাকবাবু’ চলচ্চিত্রে পূর্ণাঙ্গ প্লেব্যাকের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। এরপর দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান।
‘আছেন আমার মোক্তার, আছেন আমার বারিস্টার’, ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’ এবং ‘এই পৃথিবীর পান্থশালায়’সহ তাঁর অসংখ্য জনপ্রিয় গান আজও সমানভাবে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে আছে।