সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অনলাইনে যেকোনো অপপ্রচার শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম দেশ হিসেবে পরিচিত এবং এই অবস্থান নষ্ট করার কোনো প্রচেষ্টা বরদাশত করা হবে না। সাইবার অপরাধে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভিসা ও পড়াশোনা সহজীকরণসহ বিভিন্ন সহযোগিতার অনুরোধ জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা বলেন।
এছাড়া, মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশ দূতাবাসগুলোতে ফিলিস্তিনি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকার কথা পুনর্ব্যক্ত করেন।