চলতি বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন আনার কথা ভাবছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগ—প্রতিটি বিভাগেই একটি করে পরিবর্তন দেখা যেতে পারে।
তবে সবচেয়ে বেশি আলোচনা আক্রমণভাগ ঘিরে। মেসির পাশে কে খেলবেন, তা এখনো নিশ্চিত নয়। বিশ্বকাপ শুরুর আগে গোড়ালির চোট পাওয়া আলভারেজ পুরোপুরি ফিট না হলেও তাকে নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত তিনি প্রস্তুত না হলে মেসির সঙ্গে লাউতারো মার্টিনেজকেই দেখা যেতে পারে।
রক্ষণভাগেও রয়েছে অনিশ্চয়তা। লেফট-ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে চলছে লড়াই। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে পেশিতে টান লাগায় মেদিনার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তিনি ফিট না হলে অভিজ্ঞ তাগলিয়াফিকোকে আবারও একাদশে ফেরানো হতে পারে।
অন্যদিকে নিকোলাস গঞ্জালেসকে নিয়েও ভাবছেন স্কালোনি। তিনি একাদশে থাকলে আক্রমণভাগ আরও গতিশীল হতে পারে। তবে এতে থিয়াগো আলমাদাকে বেঞ্চে বসতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে বড় কোনো চমক না থাকলেও শেষ মুহূর্তে কিছু পরিবর্তন আসতে পারে আর্জেন্টিনার একাদশে। কেপ ভার্দের বিপক্ষে খেলা দলটিকেই ভিত্তি ধরে প্রয়োজনীয় সমন্বয় করে মিশরের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে আর্জেন্টিনা ও মিশরের এই ম্যাচ।