আলোচিত ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
বুধবার (৬ মে) সকাল ১০টায় ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, গোনাহ থেকে বাঁচতে এবং হারাম সম্পর্ক এড়িয়ে চলার উদ্দেশ্যেই তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
তিনি লিখেন, তিনি চান না নিজেকে কোনো অবৈধ বা অশালীন পরিস্থিতিতে দেখতে। তাই ইসলামের বিধান অনুযায়ী হালালের পথে থাকার চেষ্টা করছেন।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, এই সিদ্ধান্তের কারণে তার প্রথম স্ত্রীর কষ্ট হচ্ছে, যা তাকে মানসিকভাবে ব্যথিত করছে। একই সঙ্গে তাদের আড়াই বছরের দাম্পত্য জীবনে কোনো অভিযোগ ছিল না বলেও দাবি করেন তিনি।
মাদানী বলেন, তিনি তার স্ত্রীর সম্মতির জন্য দীর্ঘদিন চেষ্টা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন। তবে পরিস্থিতি পুরোপুরি মেনে নেওয়া সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, সংসার জীবনে ইনসাফ বজায় রাখাই তার মূল লক্ষ্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই তিনি সবকিছু করতে চান। এ বিষয়ে তিনি সবাইকে দোয়া করার অনুরোধ জানান, যাতে দুই পরিবারই পরিস্থিতি মেনে নিতে পারে এবং শান্তিতে থাকতে পারে।