যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি’র মরদেহ আগামী ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মঙ্গলবার (৫ মে) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সময় ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি প্রথমে দুবাই নেওয়া হবে। সেখান থেকে পরবর্তী ফ্লাইটে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, ৪ মে একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে এসে পৌঁছায়।
স্থানীয় সময় ৬ মে দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, নৃশংস ওই ঘটনায় নিহত পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হবে বলে জানা গেছে।