ইরানের রাজধানী তেহরানে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম হয়েছে। এ ঘটনাকে ঘিরে শহরের মেট্রো ব্যবস্থায় তৈরি হয়েছে নজিরবিহীন যাত্রী রেকর্ড।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে রোববার (৫ জুলাই) সকাল ৭টা পর্যন্ত মাত্র সাড়ে ১৩ ঘণ্টায় তেহরান মেট্রো ব্যবহার করেছেন প্রায় ৭০ লাখ যাত্রী। স্বল্প সময়ে এত বিপুল সংখ্যক মানুষের যাতায়াতকে কর্তৃপক্ষ ব্যতিক্রমী ঘটনা হিসেবে উল্লেখ করেছে।
জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদনের কেন্দ্র ছিল তেহরানের ইমাম খোমেনি মোসাল্লা, যেখানে হাজারো মানুষ অংশ নেন। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা রবিবার রাত ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে।
ভিড় নিয়ন্ত্রণ ও যাতায়াত সহজ করতে আয়োজক কমিটি আগেই সাধারণ মানুষকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে মেট্রো ব্যবহারের পরামর্শ দিয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে বিপুল সংখ্যক মানুষ গণপরিবহন বেছে নেওয়ায় তেহরান মেট্রোতে এই রেকর্ড তৈরি হয়।