হামের টিকা না পাওয়া এবং সংশ্লিষ্ট অবহেলার কারণে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে—এমন অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই আবেদন করেন হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম। আবেদনে তিনি উল্লেখ করেন, টিকা সংকট ও দায়িত্বে অবহেলার কারণে তাঁর সন্তানের মৃত্যু হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রেখেছেন।
মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, পর্যাপ্ত হামের টিকা সরবরাহ না থাকা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় গাফিলতির কারণে একাধিক শিশুর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় রাষ্ট্রীয় পর্যায়ের দায়িত্বশীলদের জবাবদিহির দাবি জানানো হয়েছে।