বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে। শেষ ষোলোয় এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে ইউরোপের দলটি।
ম্যাচ শুরুর আগেই নরওয়ের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় জুলিয়ান রায়ারসনের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উরুর মাংসপেশিতে (হ্যামস্ট্রিং) চোটের কারণে তিনি গ্রুপ পর্বের পর থেকেই মাঠের বাইরে রয়েছেন। বরুশিয়া ডর্টমুন্ডের এই রাইট-ব্যাক না থাকলে নরওয়ের ডিফেন্সে বাড়তি চাপ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে আক্রমণভাগে ব্রাজিলের ভরসা ভিনিসিয়ুস জুনিয়র। চলতি আসরে ইতোমধ্যে চার গোল করা এই ফরোয়ার্ড দারুণ ফর্মে আছেন এবং নরওয়ের রক্ষণে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারেন।
গ্রুপ পর্বে সেনেগালের বিপক্ষে ম্যাচে মাত্র ১৩ মিনিট খেলেই চোট পেয়ে মাঠ ছাড়েন রায়ারসন। এরপর ফ্রান্স ও আইভরি কোস্টের বিপক্ষেও তিনি দলের স্কোয়াডে ছিলেন না।
এদিকে সংবাদমাধ্যমকে অনুশীলনের প্রথম অংশ দেখার সুযোগ দেওয়া হলেও পরবর্তী অনুশীলন হয় রুদ্ধদ্বার পরিবেশে। সেখানে নরওয়ের তারকা মার্টিন ওডেগার্ড ও আর্লিং হালান্ডকে অনুশীলনে অংশ নিতে দেখা গেছে।
কাগজে-কলমে শক্তিশালী ব্রাজিলই ফেভারিট হিসেবে মাঠে নামবে। তবে নরওয়ে আত্মবিশ্বাস পাচ্ছে তাদের অতীত রেকর্ড থেকে—ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে কোনো ম্যাচেই হারেনি ইউরোপের এই দলটি।