দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে সংঘটিত এই কম্পনে সাতক্ষীরা, খুলনা ও যশোরসহ আশপাশের এলাকায় মানুষ ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়েন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভোর ৫টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে। এতে সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১, যা মৃদু মাত্রার ভূমিকম্প হিসেবে ধরা হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। এর ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ২২.৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৯.০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
এদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের প্রায় ১৫০ কিলোমিটার গভীরে অবস্থান করায় এর প্রভাব তুলনামূলকভাবে কম ছিল।
ভোররাতের এই ভূমিকম্পে সাতক্ষীরা ও খুলনার বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ালেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।