আগামী ১৫ আগস্ট রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পাশাপাশি তিনি হাসপাতালটি পরিদর্শনও করবেন।
রোববার (৫ জুলাই) হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ সফর হাসপাতালের উন্নয়ন ও আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণে নতুন গতি আনবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের স্বাস্থ্যব্যবস্থাকে ধীরে ধীরে বিকেন্দ্রীকরণ করা হবে। এর ফলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীমুখী চাপ কমবে এবং জেলা ও উপজেলা পর্যায়েই নাগরিকরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, গত দুই মাস ধরে সারাদেশে সমন্বিত কার্যক্রম চালানো হচ্ছে। জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সিটি করপোরেশনকে নিয়ে গঠিত কমিটিগুলো পরিচ্ছন্নতা অভিযান, মশার লার্ভা ধ্বংস এবং স্প্রে কার্যক্রম পরিচালনা করছে।