ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের বর্তমান ও ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সোমবার (৬ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভবিষ্যতে ইরানের কোনো নেতা যদি ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন, তাহলে তারও কঠিন পরিণতি হবে।
কাৎজ দাবি করেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানে ইসরায়েলের জন্য তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি অনেকটাই কমেছে এবং ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলবিরোধী কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন।
এদিকে, খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নেওয়া কিছু মানুষের ‘ট্রাম্পের মৃত্যু হোক’ স্লোগানেরও সমালোচনা করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। তার ভাষায়, এ ধরনের স্লোগান ইরানের শাসনব্যবস্থার প্রকৃত চিত্র তুলে ধরে।
তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এসব বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। দীর্ঘদিনের বৈরিতার মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর দুই দেশের পাল্টাপাল্টি কড়া বক্তব্যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে।