মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

ফুটবল বিশ্বের এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটালেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে ব্রাজিলের পরাজয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

ইতালির খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “ব্রেকিং: নেইমার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন।” একই পোস্টে নেইমারের আবেগঘন বক্তব্যও তুলে ধরা হয়। সেখানে ব্রাজিলিয়ান তারকা বলেন, “আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, সত্যিই করেছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রার শুরু হয়েছিল, আর আজ এখানেই সেই পথচলার সমাপ্তি হলো। সবকিছুর শেষ আজ।”

২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেকের পর দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে চারটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন নেইমার। বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও জাতীয় দলের হয়ে অসংখ্য স্মরণীয় অর্জন রয়েছে তার। ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রাজিলকে রৌপ্য পদক এনে দেওয়ার পর ২০১৬ রিও অলিম্পিকে অধিনায়ক হিসেবে দলকে প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণপদক জেতান তিনি।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে ১২৯ ম্যাচে ৮০টি গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে থেকেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন।

চলমান বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে নিয়মিত একাদশে জায়গা পাননি নেইমার। পুরো টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ হয় তার। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলেন তিনি। আর বিদায়ী ম্যাচে নরওয়ের বিপক্ষে যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিজের একমাত্র বিশ্বকাপ গোলটি করেন।

তবে নেইমারের সেই গোলও ব্রাজিলকে হার থেকে রক্ষা করতে পারেনি। ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে নরওয়ে। একই সঙ্গে নেইমারের আন্তর্জাতিক ফুটবল অধ্যায়েরও আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com