ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় ১০ বছরে পা দিয়েছে। ছেলের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন বাবা শাকিব খান এবং মা অপু বিশ্বাস।
বিশেষ এই দিনটি উপলক্ষে ছেলে জয়ের একটি ছবি প্রকাশ করেছেন শাকিব খান। ছবিতে কালো পাঞ্জাবি ও কটি পরা অবস্থায় দেখা গেছে তাকে। ছবির ক্যাপশনে ছেলেকে উদ্দেশ করে শাকিব খান লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’
অন্যদিকে, জন্মদিনের শুরুতেই ছেলেকে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’
জানা যায়, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ক্যারিয়ারের কথা বিবেচনা করে দীর্ঘ সময় তাদের বিয়ের খবরটি গোপন রাখা হয়েছিল। পরে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে তাদের ঘর আলো করে জন্ম নেয় ছেলে আব্রাহাম খান জয়।
এরপর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে নিজেদের বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। সেই সময় থেকেই শাকিব-অপুর সন্তান জয়কে ঘিরে দর্শক ও ভক্তদের আগ্রহ আরও বেড়ে যায়।