ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের চতুর্থ জন্মদিন আজ সোমবার (১০ আগস্ট)। ছেলের জন্মদিন উপলক্ষে ঘরোয়া আয়োজন করেছেন পরীমনি। তবে দিনটিকে শুধু ছেলের জন্মদিন হিসেবে দেখছেন না তিনি, নিজের জীবনেও দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
জন্মদিনের প্রথম প্রহরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে শুভেচ্ছা জানান পরীমনি। আবেগঘন এক বার্তায় তিনি লেখেন, ‘ছেলেকে বললাম, বাজান, হ্যাপি বার্থডে। উল্টো জবাবে ছেলে পূণ্যও বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ আম্মু।’
ছেলের এমন কথায় আবেগাপ্লুত হয়ে নিজের মা হওয়ার দিনটির কথাও স্মরণ করেন পরীমনি। তিনি লেখেন, ‘তাই-ই তো! আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যই হয়েছে। আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’
এদিকে ছেলের জন্মদিনের আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন পরীমনি। সেখানে দেখা যায়, ঘরজুড়ে রঙিন বেলুন ও কয়েকটি কেক দিয়ে সাজানো হয়েছে। তবে উৎসবের আয়োজনের পাশেই ঘুমিয়ে থাকতে দেখা যায় ছোট্ট পূণ্যকে।
ভিডিওটির ক্যাপশনে পরীমনি মজা করে লিখেছেন, ‘আমার বাজান বড় হয়ে দেখবে, এসব পাগলামি করি আমরা।’