নব্বই দশকের জনপ্রিয় নায়ক আমিন খান দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন। নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’তে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের।
দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে আমিন খান বলেন, “অনেক দিন পর সিনেমায় কাজ করছি, বিষয়টি নিয়ে আমি বেশ আনন্দিত। মাঝে কিছুটা বিরতি নিয়েছিলাম। নানা কারণে কাজের সুযোগগুলো ঠিক মিলছিল না। নির্মাতা ইকবালের প্রস্তাব পাওয়ার পর মনে হয়েছে, এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়া যায়। সিনেমাটিতে দেশের বেশ কয়েকজন গুণী শিল্পী কাজ করছেন। সবাই মিলে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা থাকবে।”
জানা গেছে, ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং সমাজের অভিজাত শ্রেণির আড়ালের বাস্তবতা নিয়ে। সিনেমার গল্প এগিয়েছে এক যৌনকর্মীকে ঘিরে, যে কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নিষ্ঠুরতার শিকার হয়। সেই চরিত্রেই দেখা যাবে মধুমিতা সরকারকে।
সিনেমাটিতে আমিন খান ও মধুমিতা ছাড়াও অভিনয় করবেন অনন্ত জলিল, ওমর সানী, রোজিনা, মিশা সওদাগর, আজমেরী হক বাঁধনসহ আরও অনেক শিল্পী।
নির্মাতা সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে শুরু হবে ‘গুলশানের চামেলি’ সিনেমার শুটিং।