জুলাই চেতনাকে ভিত্তি করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, জুলাই সনদকে সামনে রেখে একটি সংশোধনী প্রস্তাব সংসদে উত্থাপন করা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সংবিধানের সামগ্রিক পর্যালোচনা করা হবে, যাতে এর বিভিন্ন অংশের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে। শুধু আবেগের ভিত্তিতে নয়, বরং জুলাই সনদের নীতিমালা অনুসরণ করেই সংশোধনের কাজ এগিয়ে নেওয়া হবে।
তিনি জানান, জুলাই সনদকে সাংবিধানিক আইনের কাঠামোর মধ্যে আনার লক্ষ্যেই কাজ করছে কমিটি। এ জন্য বিভিন্ন রাজনৈতিক দল, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি, শহীদ পরিবারের সদস্য, আইনজীবী, বিচারক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে।
বিএনপির আপত্তির বিষয়ে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদে দ্বিমতের বিষয়গুলোও উল্লেখ আছে এবং সেগুলোর আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।
কমিটির কার্যক্রম নিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সংবিধান সংশোধন স্বল্পমেয়াদি কোনো উদ্যোগ নয়; বরং ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় নিয়েই এই পরিবর্তন আনা হবে। সময়ের প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের সংবিধানেও সংশোধন হতে পারে বলে তিনি মন্তব্য করেন।