চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২ আগস্ট) চট্টগ্রামের আদালতে আসামিদের হাজির করার পর শুনানি শেষে বিচারক দুই মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ডের আদেশ দেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, তদন্তের স্বার্থে প্রতিটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তবে আদালত দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ২৯ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় যশোর সীমান্ত এলাকা থেকে চার সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে।