জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের শেখ হাসিনার রাজনৈতিক সংস্কৃতি বা পথ অনুসরণ না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৩ আগস্ট) বিএমইউতে ‘জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনা প্রয়োজন। দীর্ঘদিনের নির্যাতন-নিপীড়নের পরও বিএনপি নেতাকর্মীরা প্রতিহিংসার রাজনীতি করেননি বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের কৃতিত্ব নয়; এটি রাজনৈতিক দল, ছাত্র-জনতা ও সাধারণ মানুষের সম্মিলিত আন্দোলনের ফল।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ব্যর্থ হলে অনেক রাজনৈতিক নেতাকর্মীকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হতো। তার দাবি, ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় এই গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে।