চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ডনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।
সিআইডি সূত্র জানায়, সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। তিনি সালমান শাহ হত্যা মামলার চার নম্বর আসামি।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানান, ডনকে গ্রেপ্তারের পর মামলাটির তদন্তে অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে মামলাটি অধিকতর তদন্ত করছে সিআইডি।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও তদন্ত চলে আসছিল। একাধিক তদন্তে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও তা মেনে নেয়নি তার পরিবার ও ভক্তরা।
এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি।