সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’য় নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২ Time View

আবারও ওটিটি কনটেন্টে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয় পরিচালিত কমেডি-থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। ইতোমধ্যে রাজধানী ঢাকায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

শুটিংয়ের প্রথম দিনেই অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া। তার সঙ্গে শুটিংয়ে ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান। পরিচালক জানিয়েছেন, ঢাকার বিভিন্ন লোকেশনে টানা প্রায় ১০ দিন ধরে চলবে ‘লাপাত্তা’র শুটিং।

ফারিয়া ও নাসির উদ্দিন খান ছাড়াও ওয়েব ফিল্মটিতে অভিনয় করছেন শাহরিয়ার নাজিম জয়সহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘লাপাত্তা’।

পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘লাপাত্তা’ মূলত থ্রিলারধর্মী গল্পের ফিল্ম। এর সঙ্গে কমেডির আবহও থাকবে। দর্শকদের জন্য নতুন ও ভিন্নধর্মী একটি কাজ উপহার দেওয়ার চেষ্টা করছি।

এর আগে ওটিটিতে নুসরাত ফারিয়ার অভিষেক হয় ‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মের মাধ্যমে। ২০২১ সালে মুক্তি পাওয়া এই কনটেন্টের পর ২০২৩ সালে মুক্তি পায় তার অভিনীত ‘পাতালঘর’। তবে ‘পাতালঘর’ মূলত বড়পর্দার সিনেমা হিসেবে নির্মিত হয়েছিল।

এদিকে নুসরাত ফারিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন থ্রি’। গত বছর মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করে আলোচনায় ছিলেন তিনি।

অভিনয়ের পাশাপাশি গানেও সক্রিয় ফারিয়া। গত কোরবানির ঈদে তার কণ্ঠে প্রকাশিত ‘লোকে বলে’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির এবং কথা লিখেছেন বাঁধন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com