দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন পর্তুগিজ এই মহাতারকা। নিজের জন্মস্থান মাদেইরাতেই হবে তাদের বহুল প্রতীক্ষিত বিয়ের আয়োজন।
ফুটবল বিশ্বের অন্যতম সফল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আল-নাসরের ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।
বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, আগামী সপ্তাহে পর্তুগালের মাদেইরায় অনুষ্ঠিত হবে রোনালদো ও জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা। ধর্মীয় রীতিতে ঐতিহাসিক ফুঞ্চাল ক্যাথেড্রালে সম্পন্ন হবে বিয়ের মূল অনুষ্ঠান। পরে অতিথিদের জন্য জমকালো সংবর্ধনার আয়োজন করা হবে শহরের বিলাসবহুল পাঁচ তারকা হোটেল সাভয় প্যালেসে।
বিয়ের আয়োজন ঘিরে ইতোমধ্যেই বিশেষ প্রস্তুতি শুরু হয়েছে। জানা গেছে, আগামী শুক্রবার ও শনিবার হোটেলটির দুটি তলা সাধারণ অতিথিদের জন্য বন্ধ রাখা হবে। এছাড়া হোটেলের বারসহ কয়েকটি নির্দিষ্ট স্থান শুধুমাত্র বিয়ের আমন্ত্রিত অতিথিদের ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে।
রোনালদোর কাছে মাদেইরা শুধু একটি শহর নয়, এটি তার শেকড়ের জায়গা। এই ফুঞ্চাল শহরেই তার জন্ম ও বেড়ে ওঠা। শহরের মানুষও তাদের প্রিয় সন্তানকে সম্মান জানিয়ে সেখানে স্থাপন করেছে রোনালদোর ব্রোঞ্জ মূর্তি। পাশাপাশি তার নামেও পরিচালিত হচ্ছে একটি আধুনিক হোটেল।
মাত্র ১১ বছর বয়সে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে পরিবারের কাছ থেকে দূরে গিয়ে স্পোর্টিং লিসবনের একাডেমিতে যোগ দিয়েছিলেন রোনালদো। এরপর কঠোর পরিশ্রম ও প্রতিভার মাধ্যমে তিনি গড়ে তোলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্যারিয়ার।
ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবে খেলে অসংখ্য রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ তারকা। বর্তমানে তার সম্পদের পরিমাণ আনুমানিক ১.২ থেকে ১.৪ বিলিয়ন ডলারের মধ্যে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে সাফল্যের শিখরে পৌঁছানোর পরও নিজের জীবনের বিশেষ মুহূর্তের জন্য জন্মভূমিকেই বেছে নিয়েছেন রোনালদো। একসময় কঠিন আর্থিক সংকটের মধ্যে বড় হওয়া এই তারকার জীবনযাত্রা আজ অনেকের কাছে অনুপ্রেরণার গল্প। পরিবারের সঙ্গে ছোট একটি ঘরে বেড়ে ওঠা সেই শিশুই এখন বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম সফল ও ধনী অ্যাথলেট।