সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
মঙ্গলবার (২১ জুলাই) কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’র নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি নোটিশে দাবি করা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭ জুলাই ২০২৬ থেকে নির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি কমিটি বা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়নি।
কমিটি জানায়, পরীক্ষা সংক্রান্ত সব ধরনের তথ্য ও সিদ্ধান্ত শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
এ সময় পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে গুজবে কান না দিয়ে নির্ভরযোগ্য সরকারি সূত্রের তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেছে কমিটি।