গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১০ জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক দিনে হাম উপসর্গে ১ হাজার ২১৪ জন এবং নিশ্চিত হাম রোগী ৯৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২১ হাজার ৩০৮ জন।
এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৯৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০১ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।