যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত বিশেষ ১ ডলারের স্মারক মুদ্রা বাজারে এনেছে দেশটির টাকশাল। এক শতাব্দীর মধ্যে এই প্রথম কোনো কর্মরত মার্কিন প্রেসিডেন্টের ছবি দেশটির ধাতব মুদ্রায় স্থান পেল।
মুদ্রাটির এক পাশে রয়েছে ট্রাম্পের প্রতিকৃতি। সেখানে ‘লিবার্টি’ ও ‘ইন গড উই ট্রাস্ট’ লেখার পাশাপাশি ১৭৭৬-২০২৪ সাল উল্লেখ করা হয়েছে। অপর পাশে রয়েছে প্রেসিডেন্সিয়াল সিলের নকশা এবং ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’ ও ‘ওয়ান ডলার’ লেখা।
এর আগে ১৯২৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি মার্কিন মুদ্রায় ব্যবহার করা হয়েছিল। প্রায় ১০০ বছর পর ট্রাম্পের ছবি দিয়ে আবারও এমন মুদ্রা তৈরি করা হলো।
আইন অনুযায়ী মুদ্রাটির মূল্য ১ ডলার হলেও এটি মূলত সংগ্রাহকদের জন্য বিক্রি করছে ইউএস মিন্ট। ২৫টি মুদ্রার একটি রোলের দাম ৬১ ডলার এবং ১০০টির ব্যাগের দাম ১৫৪.৫০ ডলার নির্ধারণ করা হয়েছে। সোনালি রঙের হলেও এতে কোনো মূল্যবান ধাতু নেই; ম্যাঙ্গানিজ ব্রাসের সংমিশ্রণে তৈরি করা হয়েছে মুদ্রাটি।
তবে জীবিত প্রেসিডেন্টের ছবি মুদ্রায় ব্যবহারের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে রাজনৈতিক ও আইনগত বিতর্ক। ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের দাবি, মার্কিন আইনে মুদ্রা ও সরকারি সিকিউরিটিজে জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারের সুযোগ নেই।
অন্যদিকে ট্রাম্প প্রশাসনের যুক্তি, ২০২০ সালের একটি আইনের ভাষায় মুদ্রার সামনের অংশে জীবিত ব্যক্তির ছবি ব্যবহারে সরাসরি নিষেধাজ্ঞা নেই। এ ব্যাখ্যা নিয়ে আইন বিশেষজ্ঞদের মধ্যেও মতভেদ তৈরি হয়েছে।