বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ করে চীনে পড়তে যাওয়া শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসায় এখন বড় ধরনের কোনো জটিলতা নেই বলেও দাবি করেন তিনি।
রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, বাংলাদেশের কারিগরি ও টিভেট শিক্ষার উন্নয়নে চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ এবং ভাষা কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রীর ভাষ্য, চীনে তুলনামূলক কম খরচে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেশটি বিভিন্ন আকর্ষণীয় বৃত্তিও দিচ্ছে।
এ ছাড়া চীনের সহযোগিতায় দেশের শিক্ষকদের প্রশিক্ষণ এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে দক্ষ জনবল তৈরি করে আন্তর্জাতিক শ্রমবাজারে পাঠানোর সুযোগ বাড়বে বলে মনে করেন তিনি।
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় শিক্ষা খাতে সই হওয়া সমঝোতা স্মারকগুলো দ্রুত বাস্তবায়নে কাজ চলছে। শিগগিরই শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মমুখী কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।