দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মানুষের দুর্ভোগ কমাতে সরকার কাজ করছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এতে শিল্পকারখানা ও আবাসিক গ্রাহকদের ভোগান্তিও কমবে।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের প্রায় ৮৮ শতাংশ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। বাকি ১২ শতাংশ ঘাটতি পূরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দীর্ঘমেয়াদি চুক্তির সরবরাহ ব্যাহত হওয়ায় এখন স্পট মার্কেট থেকে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে বলেও জানান তিনি। দেশের বার্ষিক চাহিদা মেটাতে প্রায় ১১৫টি কার্গো প্রয়োজন হলেও সংকটের কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।
এদিকে জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরবের সঙ্গে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা দ্বিগুণ হয়ে বছরে প্রায় ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে। দীর্ঘমেয়াদে এ উদ্যোগ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।