দেশের উচ্চশিক্ষার মান আরও উন্নত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটনে বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের প্রাথমিক পর্যায় শেষ হয়েছে। এ সময়ে শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে শিক্ষার্থীরা মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশে গিয়ে ভালো করছে। অথচ তাদের যে শিক্ষাব্যবস্থা থেকে গড়ে তোলা হয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে সেই প্রতিষ্ঠানের যথাযথ স্বীকৃতি মিলছে না।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে এহছানুল হক মিলন বলেন, দেশে অনেক দক্ষ গবেষক রয়েছেন, যারা নিজেদের জ্ঞান ও দক্ষতা দিয়ে বিদেশের উন্নয়নে অবদান রাখছেন। কিন্তু তাদের যথাযথভাবে চিহ্নিত ও কাজে লাগাতে না পারা দেশের একটি বড় ব্যর্থতা। এখন এ বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।