প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে আমিরাতের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং জ্বালানি, অবকাঠামো, বিমান চলাচল, তথ্যপ্রযুক্তি, রেল ও লজিস্টিকস খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।