ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যাসহ সংশ্লিষ্ট খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদী সংরক্ষণ, নাব্যতা ফিরিয়ে আনা এবং ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী চলমান পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দেন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নাগরিকদেরও ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নৌবাহিনীর প্রতিনিধি এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।