স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন এবং দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতেও তিনি জনগণের সঙ্গে প্রতারণামূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন নাহিদ।
মিরপুরের রাড্ডা সেন্টার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের অফিসে ভাঙচুরের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ঢাকার মতো একটি শহরে ঘণ্টার পর ঘণ্টা ধরে ভাঙচুর চললেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলে পুলিশের নীরবতারও সমালোচনা করেন তিনি।
নাহিদ বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর মব ও নৈরাজ্য বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতির অবনতি হয়েছে। সরকার নিজেদের দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।