মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

তিন দেশে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে আলোচনা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

আগামী অক্টোবর ও নভেম্বরে তুরস্ক, জাপান ও সৌদি আরব সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব সফরের সম্ভাব্য সময়সূচি নিয়ে ঢাকায় আলোচনা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র। খবর ইউএনবির।

জাপান ও সৌদি আরবের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পৃথক দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ এসেছে। এর মধ্যে অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের সম্ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। তবে এখনো সফরের তারিখ চূড়ান্ত হয়নি।

অন্যদিকে, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলন। এতে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে তুরস্ক। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকেও প্রধানমন্ত্রীর সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি উঠে আসে।

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণও পেয়েছেন তারেক রহমান। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার লক্ষ্যে এ আমন্ত্রণ জানানো হয়েছে। সম্ভাব্য সময়সূচি মিললে নভেম্বরে সৌদি সফর হতে পারে।

এদিকে ভারতীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে নভেম্বর অথবা ডিসেম্বরের শুরুতে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে এ সফর এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সম্প্রতি নিউইয়র্ক সফরে তারেক রহমান তুরস্ক, ইরান, পাকিস্তান, ক্রোয়েশিয়া, হাইতি, ভুটান ও থাইল্যান্ডের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com