ইরানকে আন্তর্জাতিক অর্থনীতি ও আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করতে বিশ্বজুড়ে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ জোরদার করছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বিভিন্ন দেশে বিশেষ দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
ইরাকি সংবাদমাধ্যম শাফাক নিউজের প্রতিবেদনে বলা হয়, রোববার (২৭ সেপ্টেম্বর) বেসেন্ট জানান, ইরানের সঙ্গে ব্যাংকিং ও বিমান যোগাযোগ সীমিত করতে বিভিন্ন দেশের ওপর চাপ দেওয়া হচ্ছে। এরই মধ্যে তুরস্ক ও ওমান ইরানের মাহান এয়ারের ফ্লাইট বন্ধ করেছে বলে দাবি করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতও ইরানি এয়ারলাইনগুলোর ফ্লাইট বন্ধ করেছে বলে জানান বেসেন্ট।
তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের কয়েকটি বড় বাণিজ্যিক ব্যাংক ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করেছে। একই সঙ্গে ইরানের তেল পাচার, অর্থ স্থানান্তর এবং নিষেধাজ্ঞা এড়ানোর সঙ্গে জড়িত নেটওয়ার্ক শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত ২৪ আগস্ট শুরু হওয়া ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর মাধ্যমে ইরানের আন্তর্জাতিক অর্থনৈতিক ও আর্থিক যোগাযোগের গুরুত্বপূর্ণ পথগুলো সংকুচিত করার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। এর আওতায় ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, এসব পদক্ষেপের ফলে ইরানের ব্যাংকিং ও আন্তর্জাতিক বিমান যোগাযোগ আরও সীমিত হচ্ছে। তবে ওয়াশিংটনের এ উদ্যোগের বিরোধিতা করে আসছে তেহরান।