এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতিতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কারিগরি কাজ শেষ করে সরকারের নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশ করা হবে।
বুধবার (২২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ফল প্রকাশের প্রস্তুতি ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে শেষ হতে পারে। এরপর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে।
বোর্ড সূত্র জানিয়েছে, ফল প্রস্তুতের ট্যাবুলেশন, যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরই ফল প্রকাশের দিন চূড়ান্ত করা হবে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।