যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি দিয়ে কোনো তেল বা গ্যাস পরিবহন করতে দেওয়া হবে না বলে সতর্ক করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের ভূখণ্ডে মার্কিন ‘আগ্রাসন’ চললে গুরুত্বপূর্ণ এই নৌপথ নিরাপদ থাকবে না।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে পেট্রোকেমিক্যাল পণ্যসহ কোনো জ্বালানি নিরাপদে পরিবহন করা সম্ভব হবে না। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীকে ‘শাস্তিমূলক অভিযানের’ জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।
এদিকে আইআরজিসি দাবি করেছে, তারা জর্ডানের আকাবা বিমানবন্দরে থাকা মার্কিন সামরিক বিমান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া হরমুজ প্রণালির একটি বিকল্প পথ ব্যবহার করতে গিয়ে দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও করেছে তারা।
তবে এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আইআরজিসি ওই ট্যাংকার দুটির নাম, পতাকাবাহী দেশ, ক্রুদের পরিচয় বা হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি।