বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী প্রশিক্ষণ মাঠে উপস্থিত হয়ে দীর্ঘ সময় ধরে সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি পায়ে হেঁটে প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে চলমান প্রশিক্ষণ, অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন তিনি। এ সময় একজন কমান্ডারের অপারেশনাল ব্রিফিং মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি সেনাসদস্যদের পরিচালিত একটি রেইড মহড়াও প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাদের অবস্থান গ্রহণ, রণকৌশল প্রয়োগ, বিভিন্ন সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণের নানা দিক ঘুরে দেখেন। তিনি একটি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া প্রশিক্ষণ মাঠে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও যান প্রধানমন্ত্রী। তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ ও শুভকামনা জানান।
সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ সেনাবাহিনীর ওপর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।