পারস্য উপসাগরের হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে নতুন তেল পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করছে ইরাক। বসরা থেকে কিরকুক হয়ে তুরস্কের সিহান বন্দর এবং সিরিয়ার বানিয়াস পর্যন্ত পাইপলাইন স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করছে দেশটি।
ইরাকের তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খুদাইর জানিয়েছেন, তেল রপ্তানির পথ বৈচিত্র্যময় করতে দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে মার্কিন কোম্পানি শেভরন, টিই ক্যাপিটাল ও কাতারের ইউসিসিকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ইরাক।
তিনি জানান, প্রস্তাবিত পাইপলাইন বসরা থেকে কিরকুক হয়ে তুরস্কের সিহান বন্দরে পৌঁছাবে। পাশাপাশি এর একটি শাখা সিরিয়ার বানিয়াস বন্দর পর্যন্ত নেওয়ার বিষয়েও সমীক্ষা চলছে।
ইরাক বর্তমানে হরমুজ প্রণালির মাধ্যমে অধিকাংশ অপরিশোধিত তেল রপ্তানি করে। তবে আঞ্চলিক উত্তেজনা ও নৌপথে সম্ভাব্য বাধার ঝুঁকি কমাতে বিকল্প রপ্তানি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাগদাদ।