যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির আলোচনা হুমকি বা চাপের মধ্যে শুরু হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দাবি করেছেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার শর্ত অনুযায়ী, হুমকি অব্যাহত থাকলে কোনো চূড়ান্ত সমঝোতার পথে এগোবে না তেহরান।
মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেওয়া লাখো ইরানি এবং দেশটির সশস্ত্র বাহিনী কোনো ধরনের হুমকিতে ভীত নয়। তিনি যুক্তরাষ্ট্রকে নিজেদের স্বাক্ষর করা চুক্তির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।
পোস্টে আরাগচি আরও বলেন, প্রয়োজন হলে ইরান যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা রাখে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা এবং সম্ভাব্য কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে হয় একটি চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো যুক্তরাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নিতে হবে।